বাংলা অভিনয় জগতে ফের নেমে এল শোকের ছায়া। মাতৃহারা হলেন বর্ষীয়ান অভিনেতা ভাস্কর ব্যানার্জি। গত ২০ মে প্রয়াত হয়েছেন তাঁর মা শমিতা ব্যানার্জি। সমাজমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “মা চলে গেলো।” সেই পোস্ট সামনে আসতেই অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির বহু মানুষ সমবেদনা জানিয়েছেন তাঁকে। জানা গিয়েছে, দীর্ঘদিন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতার মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবারের কাছের মানুষদের মতে, শেষ সময় পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। বুধবার বিকেলে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনার পর থেকেই গভীর শোকে রয়েছেন অভিনেতা ও তাঁর পরিবার।
মাকে হারানোর কষ্টের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাস্কর ব্যানার্জি। তিনি জানান, “মা ফিটই ছিল। এক বছর আগে মাদার্স ডে-তে মাকে নিয়ে অ্যাক্রোপলিস মলে ‘আমার বস’ সিনেমা দেখতে গিয়েছিলাম।” অভিনেতার কথায়, পুজোর পর থেকেই তাঁর মায়ের শরীর একটু খারাপ হতে শুরু করে। যদিও প্রথম দিকে তেমন গুরুতর কিছু বোঝা যায়নি। ধীরে ধীরে বয়সজনিত কারণেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভাস্কর বলেন, “তাও সব ঠিক ছিল। আস্তে আস্তে বয়সজনিত কারণে অবস্থার অননতি হতে থাকে। গত ২০ তারিখ বিকেল ৫টার সময় বাড়িতে ঘুমের মধ্যেই চলে গেল।” দীর্ঘদিনের সঙ্গী মানুষটিকে হারিয়ে এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। তাঁর কথায়, শেষ সময়েও মা খুব শান্ত ছিলেন।
এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি আবেগঘন স্মৃতি। কারণ ঠিক এই মে মাসেই বহু বছর আগে বাবাকেও হারিয়েছিলেন ভাস্কর ব্যানার্জি। সেই পুরনো দিনের কথা স্মরণ করে অভিনেতা বলেন, “২১ বছর আগে ১৮ মে বাবা চলে গিয়েছে। আর মা চলে গেল ২০ মে।” শুধু তাই নয়, বাবা-মায়ের সম্পর্কের বিশেষ স্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি। ভাস্করের কথায়, “বাবা-মা-র বিয়ে হয়েছিল ৪ মে। ‘এক বৈশাখে দেখা হল দুজনার’, এই গানটা যেন বাবা-মায়ের জীবনের সঙ্গে জড়িয়ে ছিল।” পরিবারের এই একের পর এক স্মৃতি এখন আরও বেশি নাড়া দিচ্ছে অভিনেতাকে। মে মাস তাঁর জীবনে বারবার ফিরে আসছে হারানোর ব্যথা নিয়ে। সেই কারণেই এবারের শোক যেন আরও গভীর হয়ে উঠেছে।
মায়ের মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে জীবন সম্পর্কে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, “‘সবাইকে একদিন যেতে হবে। আমি অনেকদিন মা-কে পেয়েছি। তবে বয়স যাই হোক, মা-তো মা-ই হয়।'” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বয়স বা সময় কোনও কিছু দিয়েই মা-সন্তানের সম্পর্কের গভীরতা মাপা যায় না। জীবনের প্রতিটি কঠিন সময়ে মা-ই হয়ে ওঠেন সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে বড় ভরসা। সেই মানুষটি হঠাৎ চলে গেলে জীবনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। ভাস্করের পোস্টেও সেই আবেগই ধরা পড়েছে। তাঁর শোকবার্তা পড়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সমাজমাধ্যমে অসংখ্য মানুষ তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।
আরও পড়ুনঃ ১২ বছর পর কাজের ফিরতেই আবেগে ভেসে কেঁদে ফেললেন কুমার শানু! ৯০-এর দশকের গানের রাজা, কাজের অভাবে দীর্ঘদিন কঠিন সময় নিয়ে মুখ খুললেন গায়ক?
বাংলা টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ ভাস্কর ব্যানার্জি দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা, দুই জায়গাতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কিছুদিন আগেই তাঁকে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে দেখা গিয়েছিল। অভিনয়ের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। বিশেষ করে মায়ের সঙ্গে তাঁর আবেগের সম্পর্কের কথা বহুবার প্রকাশ্যে এসেছে। তাই এই ব্যক্তিগত ক্ষতির সময় অভিনেতার পাশে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মী, অনুরাগী এবং ইন্ডাস্ট্রির বহু মানুষ। সকলেই তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
